এবার উত্তরবঙ্গের অন্যতম বড় ক্রিকেট টুর্নামেন্ট কে হাতিয়ার করে বিধানসভার প্রাক্কালে দলের কাছে নিজের প্রভাব এবং জনপ্রিয়তা প্রমাণের লক্ষ্যে মন্ত্রীর গড়ে টিকিটের দৌড়ে থাকা দাপুটে তৃণমূল নেতা বুলবুলের, ২৬ এর খেলা শুরু হওয়ার ডাক, হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের অন্দরে উর্ধ্বমুখী পারদ, মানুষ আসল খেলা খেলবে পাল্টা কটাক্ষ বিজেপির
মালদা:- জেলার যে কয়েকটি বিধানসভার উপর নজর রয়েছে এবার সকলের। তার মধ্যে অন্যতম রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের হরিশ্চন্দ্রপুর। একদিকে বারবার মন্ত্রী তাজমুলের সঙ্গে জেলা পরিষদ সদস্য বুলবুলের সংঘাত।মন্ত্রীর বিরুদ্ধে দলের অন্দরে একাংশের ক্ষোভ।অন্যদিকে একুশের বিজেপি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমানের সমাজ কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে প্রচারে ঝড়। যদিও কোন টিকিটে লড়বেন মতিউর সেটা স্পষ্ট নয়।এই আবহে তৃণমূলের প্রার্থীর দৌড়ে থাকা দাপুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খান বিধানসভার প্রচার এবং জনসংযোগের জন্য পাখির চোখ করছেন তার উদ্যোগেই আয়োজিত উত্তরবঙ্গের অন্যতম বড় ক্রিকেট টুর্নামেন্টকে। মঙ্গলবার থেকে হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরে কেএমএস ক্লাবের পরিচালনায় শুরু হচ্ছে মালেক ইসলাম মেমোরিয়াল টি -২০ ক্রিকেট টুর্নামেন্ট। যার প্রধান পৃষ্ঠপোষক হলেন বুলবুল। দীর্ঘ ষোলো বছর ধরে হয়ে আসছে এই টুর্নামেন্ট। দেশের বিভিন্ন প্রান্তের দল অংশগ্রহণ করে। প্রত্যেক বছরই থাকে বিভিন্ন চমক। বহু মানুষের ভিড় হয় মাঠে। এবার এই টুর্নামেন্টকেই হাতিয়ার করে কার্যত ভোটের প্রাক্কালে দলের কাছে নিজের প্রভাব এবং জনপ্রিয়তা প্রমাণ করতে চাইছেন দাপুটে এই নেতা।
বুলবুলের দাবি এই ক্রিকেট টুর্নামেন্ট থেকে ২৬ এর খেলাও শুরু হবে।তবে হরিশ্চন্দ্রপুরের রাজনৈতিক মহলে এই মুহূর্তে বড় প্রশ্ন অন্য বছরের মতো এইবার কি বুলবুলের ক্রিকেট টুর্নামেন্টের মঞ্চে মন্ত্রী কে দেখা যাবে। হরিশ্চন্দ্রপুরের রাজনীতিতে এখন তৃণমূলের প্রার্থী নিয়ে নানা প্রশ্ন এবং সমীকরণ।এই পরিস্থিতিতে এই ক্রিকেট টুর্নামেন্ট কে কেন্দ্র করেও রাজনীতির পারদ যে চড়বে সেটা বলাই বাহুল্য। যদিও বিজেপির কটাক্ষ আসন্ন ভোটে হরিশ্চন্দ্রপুরের মানুষ তৃণমূলের সঙ্গে আসল খেলা খেলবে।
